যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আবাসিক এলাকার কাছে বিধ্বস্ত হয়েছে নয়জন আরোহী নিয়ে যাত্রা করা একটি ব্যক্তিগত উড়োজাহাজ। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে গিয়ে বিশাল অগ্নিগোলকের সৃষ্টি হয়। এতে উড়োজাহাজে থাকা সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি। তবে আশপাশের এলাকায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি।
রোববার (স্থানীয় সময়) দুপুর ১২টা ৫০ মিনিটে পাম বিচ কাউন্টিতে লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ঘটনাটিকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেন। দুর্ঘটনার তদন্তে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডকে (এনটিএসবি) সহায়তা করতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) একটি দল পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।
গাড়ির ভেতর থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, আকাশ থেকে দ্রুত নিচে নেমে এসে উড়োজাহাজটি সড়কের পাশের এলাকায় আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরণের মতো আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাস্থলে তৈরি হয় বড় গর্ত। আশপাশে ছড়িয়ে থাকা পিচঢালা সড়কের ভাঙা অংশের চারপাশে আগুন জ্বলতে দেখা যায়। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। ব্যস্ত সড়ক ও বাড়িঘরের খুব কাছেই বিমানটি বিধ্বস্ত হওয়ায় ঘটনাস্থলে থাকা মানুষজনকে আতঙ্কিত ও বিস্মিত হতে দেখা যায়।
ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস জানান, মাটিতে থাকা কেউ নিহত বা আহত হয়েছেন—এমন কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি বলেন, এটি ছিল ভয়াবহ মাত্রার বিমান দুর্ঘটনা। তাঁর ভাষায়, ক্ষেপণাস্ত্রের মতো নিচে নেমে এসে বিমানটি সড়কের পাশে বড় গর্ত তৈরি করেছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে বাহামাসের দিকে যাচ্ছিল। এতে কারা ছিলেন, তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিমান চলাচল নিয়ন্ত্রণকক্ষের কথোপকথনের রেকর্ড এবং ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি প্রায় ৩৫ হাজার ফুট উচ্চতায় পূর্বদিকে যাচ্ছিল। এ সময় পাইলটরা ঝাঁকুনি, বরফ জমা এবং বৃষ্টিপাতের পরিস্থিতির কথা জানান। পাশাপাশি আরও ২ হাজার ফুট ওপরে ওঠার অনুমতি চান তাঁরা।
এর কিছুক্ষণ পরই বিমানটি দ্রুত নিচের দিকে নামতে শুরু করে। প্রথমে প্রতি মিনিটে ১০ হাজার ফুট, পরে ২০ হাজার ফুট এবং একপর্যায়ে ৩০ হাজার ফুট গতিতে নিচে নামছিল উড়োজাহাজটি। এই গতি বিমানটির নকশাগত সীমা ছাড়িয়ে গিয়েছিল বলে ফ্লাইট-সংক্রান্ত তথ্য ও নিয়ন্ত্রণকক্ষের রেকর্ডে উঠে এসেছে।
দুর্ঘটনার আগে পাইলট জরুরি পরিস্থিতির ঘোষণা দেন এবং বিপৎসংকেত পাঠান। এরপর বিমানটি ডান দিকে তীব্রভাবে কাত হয়ে মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার কয়েক মিনিট আগে পাইলট বিমানে বরফ জমার কথা জানান। একই সঙ্গে প্রচণ্ড ঝাঁকুনিতে উড়োজাহাজটি প্রায় ৭০০ ফুট পর্যন্ত ওঠানামা করছিল বলেও নিয়ন্ত্রণকক্ষকে জানিয়েছিলেন তিনি।
এদিকে, রোববার ফ্লোরিডার ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। অতিবৃষ্টির কারণে সোমবার বিকেল পর্যন্ত বন্যা সতর্কতা জারি ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে।




