TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলায় পদ হারালেন ডিটিসিএর নির্বাহী পরিচালক মসিউর রহমান।

রিপোর্টার: Admin•Bangladesh•
প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলায় পদ হারালেন ডিটিসিএর নির্বাহী পরিচালক মসিউর রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে মন্তব্য করার পর পদ হারিয়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব জেতী প্রু। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ১ নভেম্বর ঢাকার ছয়টি রুটে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মসিউর রহমান। সেখানে প্রধানমন্ত্রীর দেওয়া ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করেন তিনি।

বক্তব্যে মসিউর রহমান বলেন, ‘আমার আগে আমরা, সবার আগে দেশ এ কথা কে অস্বীকার করতে পারবেন? স্বার্থপর, যার দেশপ্রেম নেই, সেই বলতে পারে, না, আমি মানি না। আমাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে থাকব, আর সবার আগে থাকবে দেশ। তারপরে “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এটা হাদিস, হাদিস। এটা শাশ্বত বাণী।’

তিনি আরও বলেন, ‘এটা হুজুররা বললে হাদিস হয়ে যেত। তো আমার মুখে দাড়ি নেই, টুপি পরি না, এজন্য হাদিস হয়নি! এটা হাদিস।’

অনুষ্ঠানে দেওয়া তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। রাজনৈতিক স্লোগানকে ধর্মীয় হাদিসের সঙ্গে তুলনা করায় তার মন্তব্য নিয়ে সমালোচনাও দেখা দেয়। এর পরই তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়।