যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে সম্ভাব্য পারমাণবিক হামলার পরিস্থিতিতে নাগরিকদের করণীয় নিয়ে পাঁচ দফা সতর্কতামূলক নির্দেশনা প্রচার করছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। বিস্ফোরণের পর নিরাপদ আশ্রয়ে যাওয়া, তেজস্ক্রিয় ধূলিকণা থেকে শরীর পরিষ্কার রাখা এবং সরকারি নির্দেশনা না পাওয়া পর্যন্ত বাইরে না যাওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এসব নির্দেশনায়।
ইরানি টেলিভিশনে প্রচারিত নির্দেশিকায় পারমাণবিক বিস্ফোরণের সময় ও পরবর্তী সময়ে নাগরিকদের যেসব পদক্ষেপ নিতে বলা হয়েছে, সেগুলো হলো—
১. বিস্ফোরণের ঝলকানির দিকে তাকাবেন না, দ্রুত আশ্রয় নিন
পারমাণবিক বিস্ফোরণের তীব্র আলোর দিকে সরাসরি তাকাতে নিষেধ করা হয়েছে। বিস্ফোরণের ধাক্কা বা শকওয়েভ কেটে না যাওয়া পর্যন্ত শক্ত কোনো দেয়াল বা বাধার আড়ালে আশ্রয় নিতে বলা হয়েছে। এ সময় উপুড় হয়ে শুয়ে মাথা ও মুখ ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
২. বিস্ফোরণের পর নিকটস্থ ভবনে আশ্রয় নিন
বিস্ফোরণের প্রাথমিক ধাক্কা কেটে গেলে দ্রুত কাছের কোনো মজবুত ভবনের ভেতরে প্রবেশ করতে বলা হয়েছে। ভবনের জানালা ও বাইরের দেয়াল থেকে দূরে অবস্থান করতে হবে। বাইরে দাঁড়িয়ে বিস্ফোরণের পরিস্থিতি পর্যবেক্ষণ বা ছবি তোলার চেষ্টা না করার পরামর্শ দেওয়া হয়েছে। গাড়িকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করতেও নিষেধ করা হয়েছে।
৩. তেজস্ক্রিয় ধূলিকণা দূর করতে শরীর পরিষ্কার করুন
তেজস্ক্রিয় ধূলিকণার সংস্পর্শে আসার আশঙ্কা থাকলে শরীরের উন্মুক্ত অংশ সাবান ও কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে বলা হয়েছে। চুল পরিষ্কারে সাধারণ শ্যাম্পু ব্যবহার করতে হবে, তবে কন্ডিশনার ব্যবহার করা যাবে না। গোসলের সুযোগ না থাকলে পানি বা ভেজা টিস্যু দিয়ে মুখ, হাতসহ শরীরের উন্মুক্ত অংশ মুছে নিতে হবে।
৪. অন্তত ২৪ ঘণ্টা আশ্রয়ের ভেতরে থাকুন
বিস্ফোরণের পর কমপক্ষে ২৪ ঘণ্টা ঘরের ভেতরে বা নিরাপদ আশ্রয়ে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। এ সময় বাইরের বাতাস ও সম্ভাব্য দূষণ এড়াতে হবে। খাবার ও পানির ক্ষেত্রে বোতলজাত পানি এবং প্যাকেটজাত খাবার ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
৫. সরকারি নির্দেশনা ছাড়া আশ্রয় ছাড়বেন না
২৪ ঘণ্টা পার হলেই পরিস্থিতি নিরাপদ হয়ে গেছে—এমন ধারণা না করতে সতর্ক করা হয়েছে। কখন এবং কোন পথে নিরাপদে বের হওয়া যাবে, সে বিষয়ে সরকারি ঘোষণা ও জরুরি সম্প্রচারের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। তবে আশ্রয়স্থলে আগুন লাগলে বা ভবন ধসে পড়ার আশঙ্কা তৈরি হলে দ্রুত অন্য নিরাপদ স্থানে সরে যেতে হবে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এ নির্দেশিকায় সম্ভাব্য পারমাণবিক হামলার সময় তাৎক্ষণিক আত্মরক্ষা, তেজস্ক্রিয় পদার্থের সংস্পর্শ কমানো এবং নিরাপদ আশ্রয়ে অবস্থানের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে নিরাপদে বের হওয়ার নির্দেশ না পাওয়া পর্যন্ত নাগরিকদের আশ্রয়স্থল ত্যাগ না করার পরামর্শ দেওয়া হয়েছে।




