TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

পল্লবীতে কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ - দগ্ধ কর্মচারী

রিপোর্টার: Admin•Bangladesh•
পল্লবীতে কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ - দগ্ধ কর্মচারী

রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির ২১ বছর বয়সী এক কর্মচারী আহত হয়েছেন। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-৬-এর পল্লবী থানাধীন সি ব্লকের ৪ নম্বর অ্যাভিনিউয়ের ১২ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ওই বাড়ির সামনে অবস্থিত এজিআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে বিস্ফোরণ দুটি ঘটে।

আহত কর্মচারীর নাম রমজান ওরফে বাপন (২১)। তিনি প্রতিষ্ঠানটিতে শ্রমিক হিসেবে কাজ করেন। বিস্ফোরণের সময় আগুনে দগ্ধ হয়ে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, কার্যালয়ের সামনে প্রথমে একটি ককটেল বিস্ফোরিত হয়। কিছুক্ষণ বিরতির পর একই স্থানে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। দ্বিতীয় বিস্ফোরণের পর সেখানে কাজ করা এক কর্মচারীর শরীরে আগুন ধরে যায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যার পর এজিআর কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে প্রতিষ্ঠানের একজন কর্মচারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে এবং ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।