TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

পরিবারের নারীদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগ - নরসিংদীতে ব্যক্তি আটক

রিপোর্টার: Admin•Bangladesh•
পরিবারের নারীদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগ - নরসিংদীতে ব্যক্তি আটক

নিজ পরিবারের সদস্যদের গোপনে নগ্ন ও আপত্তিকর ভিডিও ধারণ করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক গিয়াস উদ্দিন গাজীপুরের কালীগঞ্জ থানার ঘোনপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে স্ত্রী, মেয়ে, শালি ও ভাগ্নির নগ্ন এবং আপত্তিকর ভিডিও তৈরি করে অর্থের বিনিময়ে বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগ রয়েছে।

গোয়েন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নরসিংদীর মাধবদী এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন গিয়াস উদ্দিন। ওই সুযোগে তিনি পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও ধারণ করে বিভিন্ন পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর ব্যাংক হিসাবেও সন্দেহজনক কয়েক লাখ টাকার লেনদেনের তথ্য পেয়েছেন গোয়েন্দারা।

সম্প্রতি প্রশাসনের নজরদারি এড়াতে মাধবদী ছেড়ে ঘোড়াশালের পাইকসা এলাকায় নতুন একটি ভবনে ভাড়া ওঠেন তিনি। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর চলাচলের ওপর নজরদারি চালানো হয়। পরে পলাশ থানা-পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানের সময় ওই বাসা থেকে পর্নোগ্রাফি-সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম ও আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।