আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন ভোটার নিবন্ধন ও আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। উভয় ধরনের আবেদন আগামী ৩১ অক্টোবর পর্যন্ত করা যাবে। শনিবার (১৭ অক্টোবর) এ বিষয়ে পৃথক নির্দেশনা জারি করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন।
ইসির নির্দেশনা অনুযায়ী, ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির শেষ সময় ৫ নভেম্বর। একই দিন প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। তালিকায় ভুলত্রুটি থাকলে দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন জমা দেওয়া যাবে ২০ নভেম্বর পর্যন্ত। এসব আবেদন ২৩ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করে ২৪ নভেম্বর সিদ্ধান্তগুলো তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এরপর ২৫ নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা।
কমিশন জানিয়েছে, ৩১ অক্টোবর ২০২৬ তারিখে যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হবে এবং যাঁরা নির্ধারিত সময়ের মধ্যে ভোটার তালিকায় নিবন্ধিত হবেন, তাঁদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। খসড়া তালিকা যাচাই ও ভুল সংশোধনে জনসচেতনতা বাড়াতে ধর্মীয় উপাসনালয়, স্থানীয় সাংবাদিক ও কেবল অপারেটরদের মাধ্যমে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে ইসির।




