TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

ঢাকা মেট্রোরেলের ১০০ কোটি ডলারের চুক্তি পেল ভারতের এলঅ্যান্ডটি।

রিপোর্টার: Admin•Bangladesh•
ঢাকা মেট্রোরেলের ১০০ কোটি ডলারের চুক্তি পেল ভারতের এলঅ্যান্ডটি।

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর গুরুত্বপূর্ণ দুটি সিস্টেম প্যাকেজের নকশা ও নির্মাণকাজের জন্য প্রায় ১০০ কোটি ডলারের চুক্তি পেয়েছে ভারতের অবকাঠামো নির্মাণকারী প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)।

প্রতিষ্ঠানটির শেয়ারবাজারে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, চুক্তির আওতায় রেললাইন নির্মাণ, বৈদ্যুতিক ব্যবস্থা, সিগন্যালিং, টেলিযোগাযোগ এবং প্ল্যাটফর্মে স্ক্রিন ডোর স্থাপনের কাজ করা হবে।

ঢাকা মেট্রোরেল লাইন-১ দেশের প্রথম পাতাল মেট্রোরেল প্রকল্প। এর একটি অংশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রামপুরা, মালিবাগ ও রাজারবাগ হয়ে কমলাপুর পর্যন্ত যাবে। অন্য অংশটি নতুন বাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত বিস্তৃত হবে।

এলঅ্যান্ডটি জানিয়েছে, বাংলাদেশে আগের প্রকল্পে কাজ করার অভিজ্ঞতার ধারাবাহিকতায় নতুন চুক্তি পেয়েছে তারা। এর আগে প্রতিষ্ঠানটি দেশের প্রথম মেট্রোরেল করিডর, ঢাকা মেট্রোরেল লাইন-৬-এর সমন্বিত রেলওয়ে সিস্টেম প্যাকেজের কাজ সম্পন্ন করেছে।

সম্প্রতি মেট্রোরেল লাইন-১ ও লাইন-৫-এর (উত্তর রুট) আটটি নির্মাণ প্যাকেজের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব প্যাকেজের সম্মিলিত মূল্য প্রায় ৫৮ হাজার ৫০০ কোটি টাকা। এর পরপরই এলঅ্যান্ডটির নতুন চুক্তির ঘোষণা এল।

প্রতিষ্ঠানটির নিজস্ব শ্রেণিবিন্যাস অনুযায়ী, চুক্তিগুলো ‘বড়’ আদেশের আওতায় পড়েছে। তাদের নির্ধারিত কাঠামোতে ৫ হাজার কোটি থেকে ১০ হাজার কোটি রুপি মূল্যের চুক্তিকে এ শ্রেণিতে রাখা হয়।

এলঅ্যান্ডটি ছাড়াও জাপান, চীন ও বাংলাদেশের বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান মেট্রোরেল লাইন-১ ও লাইন-৫-এর নির্মাণকাজ পেয়েছে। প্রকল্প দুটিতে অর্থায়ন করছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।

পরিকল্পনা অনুযায়ী, প্রায় ৩১ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল লাইন-১-এ থাকবে ১৯টি স্টেশন এবং পিতলগঞ্জে একটি ডিপো। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত অংশটি হবে পাতালপথে, আর নতুন বাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত অংশটি হবে উড়ালপথে।

অন্যদিকে, প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল লাইন-৫-এর উত্তর রুট সাভারের হেমায়েতপুর থেকে গাবতলী, মিরপুর-১৪ ও নতুন বাজার হয়ে ভাটারা পর্যন্ত যাওয়ার কথা রয়েছে।