TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে তরুণ উদ্যোক্তার আঙুর বাগানের ১৫০ গাছ কেটে দিল দুর্বৃত্তরা - ক্ষতি ৩ লাখ টাকা

রিপোর্টার: Admin•Bangladesh•
ঠাকুরগাঁওয়ে তরুণ উদ্যোক্তার আঙুর বাগানের ১৫০ গাছ কেটে দিল দুর্বৃত্তরা - ক্ষতি ৩ লাখ টাকা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এক তরুণ উদ্যোক্তার আঙুর বাগানের প্রায় ১৫০টি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাতে ডাঙ্গী বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাগানের মালিক রাহাত আলম বর্ষা (১৯)।

সদ্য এইচএসসি পাস করা রাহাত নতুন কিছু করার স্বপ্ন নিয়ে প্রায় ৫০ শতক জমিতে আঙুর চাষ শুরু করেন। ছয় মাস আগে গড়ে তোলা তাঁর বাগানে প্রায় ৩০০টি আঙুরগাছ ছিল। বাগান তৈরিতে প্রায় পাঁচ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন তিনি।

রাহাত জানান, কেটে ফেলা গাছগুলোর কয়েকটিতে ইতোমধ্যে আঙুর ধরেছিল। বুধবার রাতে কে বা কারা বাগানে ঢুকে প্রায় ১৫০টি গাছ কেটে দেয়। এতে তাঁর প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

ক্ষতিগ্রস্ত বাগান দেখতে গিয়ে রাহাতের বন্ধু সোহাগ হাসান বলেন, অনেক স্বপ্ন নিয়ে প্রায় পাঁচ লাখ টাকা বিনিয়োগ করে বাগানটি গড়ে তুলেছিলেন রাহাত। অর্ধেক গাছ কেটে দেওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয় বাসিন্দা মশিরুল ইসলাম জানান, আগে দীর্ঘদিন তিনি ওই জমিতে চাষাবাদ করতেন। পরে আঙুর বাগান করার পরিকল্পনা নেওয়া হলে রাহাতকে জমিটি ছেড়ে দেন। তাঁর আশা ছিল, বালিয়াডাঙ্গীতে আঙুর চাষের এই উদ্যোগ সফল হলে এলাকার মানুষের জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে। কিন্তু বাগানের এমন ক্ষতি দেখে তিনি মর্মাহত হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, তরুণ উদ্যোক্তার আঙুর বাগানের গাছ কাটার খবর পুলিশ পেয়েছে। তবে এখনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।