কুড়িগ্রামের নাগেশ্বরীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুব শক্তির এক নেতাকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে।
রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বটতলা (গোলাপ খাঁ) বাজারসংলগ্ন একটি ছ’মিলের পেছনে জুয়ার আসর বসার খবর পেয়ে অভিযান চালায় নাগেশ্বরী থানা পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন থানার সেকেন্ড অফিসার অপূর্ব কুমার। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা অন্যরা পালিয়ে গেলেও জাতীয় যুব শক্তির কুড়িগ্রাম জেলা শাখার সহসভাপতি আব্দুর রাজ্জাক রাজকে আটক করা হয়।
পরে তাঁকে থানায় নেওয়া হয়। সেখানে প্রায় এক ঘণ্টা রাখার পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জুয়ার আসর থেকে আটকের পর একজন রাজনৈতিক নেতাকে অল্প সময়ের মধ্যে মুক্তি দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধানের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। পরে থানার সেকেন্ড অফিসার অপূর্ব কুমার জানান, আব্দুর রাজ্জাক রাজকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে তাঁকে মুক্তি দেওয়ার কারণ কী ছিল এবং এ ক্ষেত্রে কী ধরনের আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।




