রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ দরগারপার জামে মসজিদ-সংলগ্ন পুকুর থেকে উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তাঁর নাম তাহমিনা খাতুন। তিনি রংপুরের হারাগাছের ফাতাংটারী এলাকার সর্দারপাড়ার বাসিন্দা।
স্থানীয় লোকজন পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে কাউনিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, তাহমিনার পরিবারের সন্ধান পাওয়া গেছে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। তাঁকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিংও করা হয়েছিল।
কাউনিয়া থানার উপপরিদর্শক রমজান আলী জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তরসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। তবে তাহমিনা খাতুনের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।




