TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

অসুস্থ মাকে দেখতে এসে খু*ন আওয়ামী লীগ নেতা।

রিপোর্টার: Admin•Rangpur, Bangladesh•
অসুস্থ মাকে দেখতে এসে খু*ন আওয়ামী লীগ নেতা।

রংপুরের কাউনিয়ায় অসুস্থ মাকে দেখতে বাড়িতে এসে খু*ন হয়েছেন আওয়ামী লীগ নেতা ফকরুল আলম রতন। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রতন ওই গ্রামের মৃত মতিয়ার রহমান তৌসিলদারের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ মাকে দেখতে বাড়িতে ফিরছিলেন ফকরুল আলম রতন। বাড়িতে প্রবেশের আগেই মোটরসাইকেলে থাকা অবস্থায় কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ভাষ্য, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে এলাকার কয়েকজনের সঙ্গে রতনের বিরোধ চলছিল। প্রাথমিকভাবে সেই বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন রতনের মা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ছেলে তাঁকে দেখতে বাড়িতে এসেছিলেন, কিন্তু তাঁকে হত্যা করা হয়েছে। রতনের চাচিও জানান, মায়ের অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে এসেছিলেন রতন; কিন্তু মায়ের সঙ্গে দেখা হওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদল চন্দ্র মণ্ডল জানান, পূর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।