প্রয়োজন হলে এবং সরকার অনুমতি দিলে পুলিশ ‘ক্রসফায়ার’ করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সোমবার রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশের ইসলামিক ব্যাংকিং সেবা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হলো আইন ও সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। কে দেশে ফিরবেন বা ভবিষ্যতে কী ঘটবে, তা পুলিশের বিবেচ্য বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি।
পুলিশের কাজের পরিবেশ ও ক্ষমতায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে আলী হোসেন ফকির বলেন, পুলিশ কঠোর পদক্ষেপ নিলে সমালোচনা হয়, আবার নিষ্ক্রিয় থাকলেও দুর্বলতার অভিযোগ ওঠে। দায়িত্ব পালনের জন্য পুলিশকে উপযুক্ত পরিবেশ দিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে পুলিশের ভূমিকা অপরিহার্য। তাই আইন ও সংবিধানের আওতায় পুলিশকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় জনগণকে পুলিশের বিরুদ্ধে ছড়ানো গুজব ও মিথ্যা অভিযোগে বিশ্বাস না করার আহ্বান জানান আইজিপি। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে জনগণের সহযোগিতা কামনা করেন।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে অভিযান চালিয়ে ৮৫ জনকে গ্রেপ্তারের ঘটনায় ১০১ নাগরিকের দেওয়া বিবৃতি প্রসঙ্গেও কথা বলেন তিনি। আইজিপি বলেন, স্বাধীনতার অর্থ যা ইচ্ছা তা করার সুযোগ নয়; প্রত্যেককে আইনের সীমার মধ্যে থেকে দেশের নৈতিকতা ও মূল্যবোধ মেনে আচরণ করতে হবে।




