বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে করার প্রস্তাব

বগুড়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে করার প্রস্তাব দিয়েছেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন। সম্প্রতি বগুড়া জেলা ও সিটি করপোরেশনের সমন্বিত উন্নয়নবিষয়ক এক সভায় তিনি এ প্রস্তাব দেন।
সভায় প্রস্তাবটি সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত হয়। এর ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত ই জাহান ‘বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়’ নামকরণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলে জানিয়েছেন।
গত ২৫ জুলাই অনুষ্ঠিত ওই সভায় বগুড়ার সংসদ সদস্যদের পাশাপাশি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। সভায় মোরশেদ মিলটন বলেন, খালেদা জিয়ার সময়ে বগুড়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে এবং তিনি চারবার এ এলাকা থেকে নির্বাচিত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের জন্য মনোরম ও নিরিবিলি স্থান নির্ধারণেরও আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ২০০১ সালের ১৫ জুলাই বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন গেজেট আকারে প্রকাশিত হলেও দীর্ঘদিন তা কার্যকর হয়নি। পরে ২০২৩ সালের ১০ মে প্রজ্ঞাপনের মাধ্যমে ২২ মে থেকে আইনটি কার্যকর করার সিদ্ধান্ত জানানো হয়।
সম্পর্কিত সংবাদ

