TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

পাবনায় হাটের ইজারাকে কেন্দ্র করে গুলিতে বিএনপি নেতা ও হাটের ইজারাদার নিহত

রিপোর্টার: Admin•Bangladesh•
পাবনায় হাটের ইজারাকে কেন্দ্র করে গুলিতে বিএনপি নেতা ও হাটের ইজারাদার নিহত

পাবনার আতাইকুলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন দুজন। নিহতরা হলেন বিএনপি নেতা রিপন হোসেন (৩৭) এবং পুষ্পপাড়া হাটের ইজারাদার হাজী আব্দুস সালাম (৫৫)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকায় তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত আব্দুস সালাম ধর্মগ্রাম এলাকার আরজ বেপারীর ছেলে। অন্যদিকে রিপন হোসেন একই গ্রামের মৃত ওমেদ আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায়। গুলিতে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

পরে দুজনের মরদেহ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের পাশের মর্গে রাখা হয়।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্তের পাশাপাশি অভিযান চালানো হচ্ছে। ঘটনার পেছনের কারণ ও বিস্তারিত তথ্য জানতে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।