TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

টঙ্গীর মাদ্রাসায় শিশু নিপীড়নের অভিযোগ, দেশ ছাড়ার কথা জানালেন শিশুটির বাবা।

রিপোর্টার: Admin•Bangladesh•
টঙ্গীর মাদ্রাসায় শিশু নিপীড়নের অভিযোগ, দেশ ছাড়ার কথা জানালেন শিশুটির বাবা।

টঙ্গীর একটি মাদ্রাসায় সাত বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার মধ্যে দেশ ছেড়েছেন বলে জানিয়েছেন শিশুটির বাবা শাহজালাল রুমি। সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় তিনি এ তথ্য জানান। তবে তিনি বর্তমানে কোন দেশে রয়েছেন, তা জানাননি।

খুদেবার্তায় শাহজালাল রুমি লেখেন, “আমি এই দেশে আর নাই। এগুলা নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।” একই বার্তায় তিনি মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগও তোলেন।

গত ২১ অক্টোবর টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে সাত বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। অভিযুক্ত শিক্ষক মোসলেম উদ্দিন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

অভিযোগের পর শিশুটির বাবা মাদ্রাসায় গিয়ে মোসলেম উদ্দিনকে মারধর করেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হলে পুলিশ মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার দেখায়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা তৈরি হয়। এর মধ্যে শিশুটির বাবা শাহজালাল রুমি বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন।

অন্যদিকে, মাদ্রাসার অধ্যক্ষের পক্ষ থেকে রুমির বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে। পাল্টা মামলা দায়েরের পর থেকে রুমি আড়ালে ছিলেন বলে জানা গেছে।

সোমবার রাতে পাঠানো খুদেবার্তায় তিনি দেশ ছেড়েছেন বলে দাবি করলেও তার বর্তমান অবস্থান কিংবা দেশ ছাড়ার সময় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।